বাগেরহাটে মহাসড়কে চলন্ত কলাবোঝাই পিকআপের গতিরোধ করে টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন চালক।
সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় বাগেরহাট সি ফুডের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে কলাবোঝাই পিকআপটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপে রাখা অতিরিক্ত টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পিকআপের চালক বলেন, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন যুবক এসে তার গাড়ির কাছে নামে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে পিকআপে রাখা অতিরিক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি নিজেই আগুন নিভিয়ে ফেলেন। চালকের বাড়ি বাগেরহাটের সাইনবোর্ড এলাকায়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, পিকআপের টায়ারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এমআর




