রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

জিয়া, খালেদা ও তারেক রহমানের আদর্শেই ঐক্যবদ্ধ বাংলাদেশ সম্ভব: আজাদ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ এএম

শেয়ার করুন:

জিয়া, খালেদা ও তারেক রহমানের আদর্শেই ঐক্যবদ্ধ বাংলাদেশ সম্ভব: আজাদ
পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমানের তারেক রহমান-এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেছেন, ‘আগামী দিনে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে সম্ভাবনাময় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘৭ নভেম্বরের প্রেক্ষাপটে রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের শূন্যতা কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ একটি নিশ্চিত ও শক্তিশালী নেতৃত্বের পথে এগিয়ে যায়। তাঁর মতে, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান—তিন প্রজন্মের নেতৃত্বেই ঐক্যের রাজনীতি গুরুত্ব পেয়েছে।’

পঞ্চগড়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলমত ও সর্বস্তরের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পঞ্চগড় গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব।’

আলোচনা সভায় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর