শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

দূর থেকে হুংকার দিলেও ফেরার সাহস শেখ হাসিনার নেই: তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

দূর থেকে হুংকার দিলেও ফেরার সাহস শেখ হাসিনার নেই: তথ্য প্রতিমন্ত্রী
নান্দাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

দূর থেকে হুংকার দিলেও বাংলাদেশে ফেরার সাহস শেখ হাসিনার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (৭ নভেম্বর) চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ডিসেম্বর নয়, সাহস থাকলে এখনি আসেন। যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না।’

তিনি বলেন, ‘দেশে দুর্নীতি, লুটপাট করে পালিয়েছেন, এখন ফেসবুকে হুংকার দেন—এসব বাংলাদেশের মানুষ আর ভয় পায় না।

‘আসব আসব বলে আসবেন না, তা কিন্তু হবে না, আপনাদেরকে আসতেই হবে। আমরা কিন্তু আপনাকে নিয়ে আসব। পালাইছেন হাইট্যা হাইট্যা, আসবেন হ্যান্ডকাপ পইরা।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি উন্নয়নের সরকার। নান্দাইলে ইতিমধ্যে ১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। প্রায় ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন ভবন অনুমোদন করা হয়েছে। সবগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।  গরিব ও অসহায় স্বামী পরিত্যক্তা নারীদেরকে ৩৬টি স্বপ্ন বাড়ি দেওয়া হয়েছে। ‘

এসময় ইউনিয়ন পরিষদের নির্বাচনে উন্নয়নের প্রার্থীদের জয়ী করার ব্যাপারে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পরে নেতাকর্মীরা উন্নয়নের পক্ষে সাড়া দেন।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির প্রমুখ। 

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর