ময়মনসিংহের ভালুকা উপজেলার উড়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সুতিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে উজান থেকে একটি নারীর মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। এক পর্যায়ে লাশটি এসে সুতিয়া নদীর দপ্তরীরঘাট এলাকায় কচুরিপানার সাথে আটকে যায়। এ সময় নদীতে অতিরিক্ত স্রোত ছিল।
প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, নারীটিকে ২/৩ দিন পূর্বে ‘হত্যা করে’ নদীতে ফেলা হয় অথবা পড়ে যান।
মরদেহটি উপর হয়ে ভেসে থাকায় মুখমণ্ডল দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই মরদেহটি ফুলে ফেঁপে গিয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নারীর পরিচয় বা মৃত্যুর কারণ জানা যায়নি।
ভালুকা মডেল থানার এসআই ফজল বলেন, ‘মাগরিবের পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের শেষে মৃত্যুর কারণ বলা যাবে।’
প্রতিনিধি/এএম




