ময়মনসিংহের নান্দাইল উপজেলার শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের (১) বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।
মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- মোজাম্মেল হক স্বপন, মো. আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবু। তারা তিনজনই আপন ভাই। এর মধ্যে রিপন মিয়া ওরফে জিবু পলাতক রয়েছেন।
আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১০ আসামি হলেন- আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। তাদের মধ্যে আসাদুল পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ।
প্রতিনিধি/এএম




