বাগেরহাটের ফকিরহাটে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ঘর ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী মুসা শেখ একই গ্রামের মৃত আজিত শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ লিয়াকত শেখের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তা নেভানোর চেষ্টা করেন। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী আলী মুসা শেখ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। পরে কর্মীরা বালতির মাধ্যমে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর আগেই বসতঘরসহ ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ঘরে জমি বিক্রির নগদ টাকাসহ সব মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুকান্ত কুন্ডু বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ কুমার কুন্ডু বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার আগেই ওই ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে।
আরও পড়ুন:
ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও সরু রাস্তার কারণে গাড়ি নিয়ে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। কর্মীরা বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়ির আগুন নেভাতে গিয়ে এক প্রতিবেশীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসআই




