রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাতে শিক্ষার্থীদের রাস্তায় পেলেই আটকের নির্দেশ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০২ এএম

শেয়ার করুন:

রাতে শিক্ষার্থীদের রাস্তায় পেলেই আটকের নির্দেশ
কক্সবাজারে আয়োজিত সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।

কিশোর গ্যাং নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।

তিনি ঘোষণা দেন, সন্ধ্যার পর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের রাস্তায় পাওয়া গেলে আটক ও গ্রেফতার করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি আব্দুল কুদ্দুছ বলেন, ‘ছেলে-মেয়েদের ওপর অভিভাবক ও শিক্ষকদের নিয়ন্ত্রণ নেই। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময়ে বিকেলেই তাদের রাস্তায় ঘুরতে দেখা যায়। বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও শিস দেওয়ার মতো আচরণও করছে তারা। এসব কিশোর কেন বিপথে যাচ্ছে, পরিবারে শাসন কোথায়?’

তিনি বলেন, ‘কিশোর গ্যাং নির্মূলে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে। দেশে কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এ জন্য পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়। এক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর