২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা জেলার ছয়টি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মোট ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। অন্যদিকে খুলনায় শতভাগ পাসের সাফল্য মাত্র একটি প্রতিষ্ঠানের।
শনিবার (৩১ অক্টোবর) যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে।
শূন্য পাসের তালিকায় রয়েছে- খুলনার কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২৯ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেননি।
এ ছাড়া খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন, ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজ থেকে ১১ জন, মডেল মহিলা কলেজ থেকে তিনজন, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির থেকে তিনজন এবং কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। ফলে এসব প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
এদিকে খুলনার খালিশপুরের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬১ জন জন অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে।
শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এক আকবর হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ২৯ জনের মধ্যে সবাই ফেল করেছে। তারা লেখাপড়ায় চরম অমনোযোগী ছিল এবং নিয়মিত কলেজে আসত না।
‘প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও অভিভাবকদের অনুরোধে সবাইকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণে এমন ফল হয়েছে।’
যশোর বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ‘এ বছরও শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।’
প্রতিনিধি/এএম




