শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, ফল প্রকাশ ৩১ ডিসেম্বর
এইচএসসিতে এবার ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ছবি- সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।  আর এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর। তবে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করছে পরীক্ষার আয়োজন।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ডিসেম্বরে অনুষ্ঠেয় এই পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। তবে ফল পুনর্নিরীক্ষণের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। এরপর ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখসহ একটি গাইডলাইন প্রকাশ করা হবে। এরপর পুনরায় পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। ওই গাইডলাইনে ফরম পূরণের সময়সূচি ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে।

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হবে ১ নভেম্বর। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীদের তথ্য ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে সংগ্রহ করা হবে।

এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তনসংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের তথ্য যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে চূড়ান্ত যাচাই। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর