রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বরিশালের সন্ধ্যা নদীতে নৌকা বাইচ, তীরে হাজারো দর্শকের উল্লাস

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম

শেয়ার করুন:

বরিশালের সন্ধ্যা নদীতে নৌকা বাইচ, তীরে হাজারো দর্শকের উল্লাস
বরিশালের উজিরপুর সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, মাঝিদের জয়ধ্বনি আর কাঁসির আওয়াজে মুখর হয়ে উঠেছিল সন্ধ্যা নদী। নদীর দুই তীরে হাজারো মানুষের উল্লাস। কেউ দাঁড়িয়ে, কেউ ছোট নৌকা-ট্রলারে বসে উপভোগ করেছেন নৌকা বাইচ। রঙিন পোশাকে সজ্জিত মাঝিদের ছন্দময় বৈঠার টানে মুহূর্তেই উৎসবের আবহ তৈরি হয় পুরো এলাকায়।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর এলাকার সন্ধ্যা নদীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন নামের আটটি নৌকা।

বিকেল ৪টায় শিকারপুর বন্দর এলাকা থেকে নৌকা বাইচের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

উদ্বোধনের পর আটটি নৌকা প্রায় পাঁচ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে মেজর এম. এ. জলিল সেতু (ইচলাদী ব্রিজ) এলাকায় গিয়ে প্রতিযোগিতা শেষ করে।

এ সময় মাঝিদের একটানা বৈঠার টান, জয়ধ্বনি, গান ও কাঁসির শব্দে উৎসবমুখর হয়ে ওঠে নদী।

বরিশালের উজিরপুর সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
বরিশালের উজিরপুর সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

উজিরপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস বরিশালের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর আর্থিক সহযোগিতায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ দেখতে সন্ধ্যা নদীর দুই তীরে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ জড়ো হন। অনেকে ছোট নৌকা ও ট্রলার ভাড়া করে নদীতে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতাকে ঘিরে পুরো উজিরপুরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

নৌকা বাইচ শেষে ইচলাদী প্রান্তে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার দেওয়া হয়।

বরিশালের উজিরপুর সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
বরিশালের উজিরপুর সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

আয়োজক ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ‘এই উৎসব শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ঐতিহ্যের প্রতি আগ্রহ তৈরি করবে।’

তিনি আরও বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সুস্থধারার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিবছর এমন আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে।’

বরিশালের উজিরপুর সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে তীরে হাজারো দর্শকের উল্লাস।
বরিশালের উজিরপুর সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে তীরে হাজারো দর্শকের উল্লাস।

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম. এ. জলিল সেতু সংলগ্ন ইচলাদী প্রান্তে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদৌসি ও আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর