বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও মরদেহ। ছবি: ঢাকা মেইল

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। ফলে জরুরি মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্তিতে পড়ছেন স্বজনরা। এরই মধ্যে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ হাওলাদার জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অসুস্থ স্ত্রী আলেয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু চালক না থাকায় অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। বেসরকারি অ্যাম্বুলেন্সে ভাড়া করার টাকাও ছিল না। তাই এ অবস্থায় হাসপাতালেই আলেয়া বেগমের মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সচালক গত ১ সেপ্টেম্বর অবসরে যান। এরপর থেকেই বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সেবা। হাসপাতালের নতুন ভবনের গ্যারেজে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি। ফলে জরুরি রোগী পরিবহনে স্বজনদের বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, উপজেলা হাসপাতালগুলোর সামনে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকদের মধ্যে সিন্ডিকেট রয়েছে। তারা রোগীদের কাছ থেকে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়ার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি ভাড়া আদায় করছেন।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুস সাকিব বলেন, অ্যাম্বুলেন্স চালক গত ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ায় সেবা বন্ধ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা পাওয়া যায়নি। হাসপাতালের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, দ্রুত একজন অ্যাম্বুলেন্সচালক নিয়োগের জন্য জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর