মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপসের মাধ্যমে আসবাবপত্রসহ ভাড়া নেওয়া একটি চারতলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক নারীর মারা গেছেন। এ ঘটনায় মৃত নারীর সাথে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের উত্তর কলিমাবাদ এলাকার লন্ডন প্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন আরজু ভিলায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আরজু ভিলার চারতলা ভবন থেকে হঠাৎ এক নারী নিচে লাফিয়ে পড়েন। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় ওই বাসার ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তাৎক্ষণিকভাবে মৃত নারী ও সাথে থাকা যুবকের পূর্ণাঙ্গ পরিচয় জানা সম্ভব হয়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপসের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একত্রে বসবাস করে আসছিলেন। শুক্রবার বিকেলে চার তলা ভবন থেকে নারীর লাফিয়ে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
ঘটনার সময় সাথে থাকা যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন প্রাপ্তি ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রতিনিধি/ এজে




