নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন আটকে পড়েছে। বন্ধ হয়ে গেছে চিলাহাটি থেকে ট্রেন চলাচল। আটকা পড়েছে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিও।
সকালে দারোয়ানী রেলস্টেশন এলাকায় ব্যানার নিয়ে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। আন্দোলনকারীদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া জামিয়ার রহমান বলেন, ‘আমাদের এখানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরোনো। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক।’
আরেক আন্দোলনকারী সাফিন আহমেদ বলেন, ‘আমার যতটুকু জানা, আমার বাবা-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন। আগে দুই-তিনটি ট্রেন থামত। এখন শুধু সকালে একটি ট্রেন থামে, অন্য কোনো ট্রেন থামে না। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক।’

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন বলেন, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এরই মধ্যে তিনি জানতে পারেন, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেনটি আটকে রেখে আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা। তখন পর্যন্ত ট্রেন ছেড়ে যায়নি।
প্রতিনিধি/এসএস




