বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাংলাবান্ধা থেকে ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

বাংলাবান্ধা থেকে ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে কর্মসূচি শুরু হয়। ছবি: ঢাকা মেইল

শহীদদের স্মরণে এবং ন্যায়বিচারের প্রত্যয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে পদযাত্রার উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

ইনকিলাব মঞ্চের আয়োজনে তিন দফা দাবি নিয়ে ৩৬ দিনের এ কর্মসূচিতে দেশের উত্তর প্রান্ত বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে প্রতিদিন প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কর্মসূচি থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।

পদযাত্রার উদ্বোধনী বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের নামে প্রহসন ও তদন্ত বারবার পেছানোর প্রতিবাদে এবং দ্রুততম সময়ে এই বিচার সম্পন্ন করার দাবিতে আমাদের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি।

জাবের বলেন, আমাদের এ কর্মসূচি ৩৬ দিনের। দেশের উত্তরের শেষ প্রান্ত বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করেছি। প্রতিদিন প্রায় ২০ কিলোমিটার পায়ে হেঁটে আমরা মানুষের কাছে যাব। ন্যায়, জবাবদিহিতা ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়ে আমরা কথা বলব।

Banglabandha2

সরকারের প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, সরকারের হানিমুন পিরিয়ড অলরেডি শেষ। এখন আস্তে আস্তে যেসব বিষয় সরকারকে স্পেস দেওয়া হয়েছিল, সামনে হয়তো আর সময় দেওয়া হবে না। সেক্ষেত্রে আমরা সরকারের সজাগ দৃষ্টি কামনা করি।

তিনি আরও বলেন, আমাদের যে দাবি, এটা শুধু ইনকিলাব মঞ্চের দাবি নয়। এটা বাংলাদেশের আপামর জনতার দাবি।

শহীদ পরিবারগুলোর কথা উল্লেখ করে আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাইয়ে যারা সবচেয়ে প্রিয়জনদের হারিয়েছেন, তাদের দাবিও এগুলো। একইসঙ্গে পিলখানায় দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারেরও দাবি এসব হত্যার বিচার। শাপলায় যারা নিহত হয়েছেন, তাদের হত্যারও বিচার হওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশের গণভোটের গণরায় এবং যেসব গণহত্যার বিচার আটকে আছে-বিশেষ করে শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার-তা বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।

ইনকিলাব মঞ্চের নেতারা জানান, ন্যায়বিচার, জবাবদিহিতা ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় নিয়ে শুরু হওয়া এ পদযাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে তিন দফা দাবি তুলে ধরা হবে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর