বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ: কুষ্টিয়ায় বিএনপি নেতার ভাই নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ: কুষ্টিয়ায় বিএনপি নেতার ভাই নিহত
নিহত টেঙ্গুর আলী। ছবি: ঢাকা মেইল

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসায় আধিপত্ত বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সুড়কির আঘাতে টেঙ্গুর আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত সাতজন আহত হন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত টেঙ্গুর ওই গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টেঙ্গুরের বড় ভাই পটল রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার মেম্বার সাম্প্রতিক সময় বর্তমান সংসদ সদস্যের পক্ষের লোকজনের হাত ধরে বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন। এরপর থেকেই এলাকার মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে এ দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

স্থানীয়দের ভাষ্য, দুই থেকে তিন দিন আগে ভারত থেকে আসা মাদক নিয়ে আজাহার মেম্বারের গ্রুপের লোকজনের সঙ্গে পটলের বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আজাহার মেম্বার ও পটল গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে পটল গ্রুপের প্রধান পটলের ছোট ভাই টেঙ্গুর আলী সুড়কির আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মণ্ডল (৬০) ও রাজু মণ্ডল (৩০)। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, দুই পক্ষের মধ্যে দুই-তিন দিন ধরে বাকবিতণ্ডা ও উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয়। এতে টেঙ্গুর নামে একজন নিহত এবং পাঁচ থেকে আটজন আহত হয়েছেন। ভারত থেকে আসা মাদক বা পাতার বিড়ি নিয়ে বিরোধের সূত্রপাত হতে পারে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। এ ঘটনায় টেঙ্গুর নামে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর