রংপুরে চাঁদাবাজির অভিযোগ ওঠায় ছাত্রদলের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার সভাপতি মো. সিয়াম শেখকে বহিষ্কার করা হয়েছে। মহানগর ছাত্রদল তাকে দলীয় পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি সুজন ও সদস্য সচিব রবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিয়াম শেখকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত সিয়াম শেখের কোনো অপকর্মের দায়-দায়িত্ব ছাত্রদল নেবে না। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রংপুর সরকারি কলেজের পাশে রাধাবল্লভ এলাকায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে সিয়াম শেখের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের কাছে টাকা নিতে মেসে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে। এ সময় মারধরের এক পর্যায়ে তারা সিয়াম শেখকে কলা খেতে দেয়। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি অবগত হয়ে মহানগর ছাত্রদল তাকে বহিষ্কার করে।
এদিকে সিয়াম শেখের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/ এফএ




