গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা চক্রের দুইজনকে গ্রেফতার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) সদস্যরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি ১৩ উপ-অধিনায়ক ( ভারপ্রাপ্ত) মেজর কাওছার বাঁধন। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের সোহেল মণ্ডল (২৭) এবং হেলাল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামকে গত ২০ জুলাই দুপুরে ব্যক্তিগত মোবাইল ফোনে জানানো হয়, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। কথা বলার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে আমিনুল ইসলামের ছেলের কন্ঠে কথা বলে তার বিশ্বাস অর্জন করে প্রতারকচক্র। ছেলেকে ছাড়াতে হলে তাদের টাকা দিতে হবে। পরবর্তীতে প্রতারকচক্রের চাহিদা মোতাবেক আমিনুল ইসলাম দুইবারে মোট ৪০ হাজার টাকা নগদের মাধ্যমে দেন। টাকা দেওয়ার পরে তিনি ছেলের সাথে সরাসরি যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় আমিনুল ইসলাম ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে এই প্রতারকচক্রের মূলহোতা সোহেল মণ্ডল (২৭) এবং হেলাল ইসলামকে (২২) নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট এবং নগদ ১৪ হাজার ১শ টাকা জব্দ করা হয়।
এসআরবি ১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা প্রতারণার সাথে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




