রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল মাদরাসা সুপারের অর্ধগলিত মরদেহ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম

শেয়ার করুন:

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল মাদরাসা সুপারের অর্ধগলিত মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক মাদরাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদরাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদরাসার সুপারিনটেনডেন্ট (সুপার) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসা থেকে বের হওয়ার পর ফরিদুল রহমান নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

এরমধ্যে শনিবার বিকেলে নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনরা ঘটনাস্থলে এসে ফরিদুল রহমানের পরিচয় শনাক্ত করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, ফরিদুল রহমান নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, ‘দুই দিন আগে তিনি মাদরাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। শনিবার একটি ডোবা থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘এটি হত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর