শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মা-মেয়ের মৃত্যু
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক নারীসহ তার ১০ মাস বয়সী মেয়ে মারা গেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সনিয়া (২৬) ও তার মেয়ে জান্নাত।

সনিয়ার স্বামী মো. আবুল হোসেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলসী গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী।

মো. আবুল হোসেন বলেন, আমি সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম। স্ত্রী মাস্টার্স ইনকোর্স পরীক্ষা শেষে হওয়ায় আজ (শনিবার) পরিবার নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হই। পথে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগতির গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস আমাদের চাপা দেয়।

তিনি আরও বলেন, বাসটি উল্টোপথ দিয়ে এসে আমাদের চাপা দিলে মোটরসাইকেল থেকে আমার মেয়ে ও স্ত্রীসহ আমি পড়ে যাই। এসময় বাসের আঘাতে আমার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়। স্থানীয়রা আমাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আমার স্ত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়েও মারা যায়।

এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনটি উথলী এলাকা থেকে আটক করে থানায় আনা হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর