গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে সাজেদা বেগম (৩০) ও সিদ্দিকা খাতুন (২৩) নামের দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপজেলার সোনারায় ইউনিয়নের পৃথক দুটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের নেংটিপাড়া এলাকার হিরা মিয়ার স্ত্রী সিদ্দিকা খাতুনকে তাঁর বাড়ির টিনের ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর কিছু সময় পর, রাত সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রামের আউয়াল মিয়ার স্ত্রী সাজেদা বেগমের মরদেহও নিজ বাড়ির টিনের ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁরও মরদেহ উদ্ধার করে।
হৃদয়বিদারক এই দুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, পৃথক দুটি স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সিদ্দিকা খাতুনের মৃত্যুর ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। মৃত্যুর আসল রহস্য উদঘাটনে পুলিশ ঘটনাগুলো পৃথকভাবে তদন্ত করে দেখছে।
প্রতিনিধি




