ঢাকায় আন্দোলনরত ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পটিয়া বাইপাস মডেল মসজিদ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা এ ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন।
এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে, ফলে দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন।
ঘটনাস্থলে আন্দোলনকারীরা ‘রক্তের বদলে রক্ত দে, ভাইদের চাকরি ফিরিয়ে দে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে মঙ্গলবার থেকে পুরো চট্টগ্রাম অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান ও পটিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য পটিয়া থানার ওসি মো. জিয়াউল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘কথা বলার মুডে নেই’ জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
প্রতিনিধি/এফএ




