চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়ার আবু তাহের ও ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস শুক্কুর।
স্থানীয়রা জানান, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সাতকানিয়ার কাটগড় রেলগেট অতিক্রম করার সময় ব্যাটারিচালিত অটোরিকশাটিও রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে বেশ দূরে পড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আবু তাহের ঘটনাস্থলেই নিহত হন। চালক আব্দুস শুক্কুর গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল চারটার দিকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে বিকেল চারটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
প্রতিনিধি/এসএস




