সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় তাঁতী দল নেতার ফাঁকা গুলিতে এলাকায় আতঙ্ক 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ এএম

শেয়ার করুন:

নেত্রকোনায় তাঁতী দল নেতার ফাঁকা গুলিতে এলাকায় আতঙ্ক 
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে জেলা তাঁতী দলের সহ-সম্পাদক ও খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজী সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে অভিযুক্ত সিদ্দিককে আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।

রোববার সন্ধ্যায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, গুলির ঘটনায় আবু বকর সিদ্দিকের নাম এসেছে, তার নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই। অস্ত্র উদ্ধার ও তাকে আটকের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই তাকে আটক করা সম্ভব হবে।

স্থানীয়দের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছেন আবু বকর সিদ্দিক। সম্প্রতি খলাপাড়া শেখবাড়ী জামে মসজিদে মাইক কেনার জন্য তিনি ৪ হাজার টাকা অনুদান দেন। পরে একই কাজে আরেক চেয়ারম্যান প্রার্থী মাসুদ ৫ হাজার টাকা অনুদান দেন। এ নিয়ে সিদ্দিক মসজিদ কমিটির লোকজনের কাছে ভোটের বিষয়ে জানতে চান। একপর্যায়ে তার দেওয়া টাকা ফেরত চাইলে মসজিদ কমিটি তা ফেরত দেয়।

স্থানীয়দের দাবি, এরপর সিদ্দিক তার লাগানো ব্যানারে কেউ হাত না দেওয়ার হুমকি দেন। পরে ইচুলিয়া বাজারের মাঝখানে গিয়ে পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন তিনি। এতে বাজারে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করে। তার ছোট ভাই কনটেন্ট ক্রিয়েটর আল আমিনের পূর্বধলা বাজারের স্টেশন রোডের বাসাতেও তল্লাশি চালায় পুলিশ।

স্থানীয় কয়েকজনের দাবি, আবু বকর সিদ্দিক জেলা তাঁতী দলের সঙ্গে যুক্ত এবং এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবু বকর সিদ্দিকের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

জেলা তাঁতী দলের সভাপতি সাইফুদ্দীন আহমেদ লেলিন আবু বকর সিদ্দিকের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু বকর সিদ্দিক যদি এমন ঘটনা ঘটিয়ে থাকেন,  তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর