বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি।

রাজশাহীর বাঘায় কিস্তির টাকা পরিশোধের দ্বন্দ্বে জুসি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জুসি খাতুন ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। নিহতের দুই সন্তান রয়েছে। ৮ বছরের ছেলের নাম জিহাদ ও দেড় বছরের ছেলের নাম জয়েন। জুসি খাতুনের বাবার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিওর কিস্তির টাকা দেওয়া-নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। 

নিহত গৃহবধূর শ্বশুর আনছার আলী ও শ্বাশুড়ি জায়মা বেগম জানান, কিস্তির টাকা নিতে এনজিওর লোক বাড়িতে এসেছিল। টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন। ঘটনাস্থলেই জুসি খাতুনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, ঘটনার পর রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে জহুরুল স্থানীয় চায়ের দোকানে গিয়ে বসে বলেন, 'আজ থেকে আমি স্বাধীন।'

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এছাড়া অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর