শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লার ‘হানি ট্র্যাপ’ খ্যাত লেডি ডন লাইলি মাদক বিক্রিকালে গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লার ‘হানি ট্র্যাপ’ খ্যাত লেডি ডন লাইলি মাদক বিক্রিকালে গ্রেফতার
কুমিল্লার দেবীদ্বারে নিউমার্কেট এলাকার ‘আহসান মঞ্জিল’ থেকে গ্রেফতার ‘হানি ট্র্যাপ’ খ্যাত ও ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলি আক্তার (৩৫)

কুমিল্লার দেবীদ্বারে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাৎ চক্রের কথিত মূলহোতা এবং এলাকায় ‘হানি ট্র্যাপ’ খ্যাত ও ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলি আক্তার (৩৫)-কে আবারও গ্রেফতার করেছে পুলিশ। তবে এবার ব্ল্যাকমেইল বা চাঁদাবাজির অভিযোগে নয়, মাদক বিক্রয়কালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক সাগর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেবীদ্বার নিউমার্কেট (রহমানিয়া সুপার মার্কেটের পেছনে) ভাড়া বাসা ‘আহসান মঞ্জিল’ থেকে ইয়াবাসহ লাইলিকে আটক করা হয়।

আটককৃত লাইলি আক্তার(৩৫) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে।

Comillas_Lady_Don_Laily_arrested_while_selling_drugs_1
কুমিল্লার দেবীদ্বারে নিউমার্কেট এলাকার ‘আহসান মঞ্জিল’ থেকে গ্রেফতার ‘হানি ট্র্যাপ’ খ্যাত ও ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলি আক্তার (৩৫)

পুলিশ বলছে, সে দীর্ঘদিন যাবৎ আহসান মঞ্জিলে ভাড়া থেকে এলাকার একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় নারী ও মাদক কারবারের আড়ালে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের প্রধান কাজ।

এরআগে, চলতি বছরের ৭ এপ্রিল ওই একই বাসায় (আহসান মঞ্জিল) অবস্থান করাকালে পর্নগ্রাফি মামলায় লাইলি আক্তার গ্রেফতার হয়ে কারাগারে যান। তবে জামিনে এসে একই বাসায় মাদক ব্যবসায় জড়িয়ে পরে বলে পুলিশের ভাষ্য।

পুলিশ এও বলছে, লাইলির ‘হানি ট্র্যাপ’ থেকে বাদ যায়নি প্রায় অর্ধশত বিএনপি, আ’লীগ নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকজন।

জানা গেছে, সম্প্রতি উপজেলার জাফরগঞ্জ মাজেদার আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকবল হোসেন মাস্টারের উপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের টনক নড়ে। পুলিশ ওই বাসায় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে টাকার জন‍্য বেঁধে রেখে বেধরক মারধর করা অবস্থায় পুলিশ উদ্ধার করেন। ওই শিক্ষকের মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গত ৭ এপ্রিল মুকবল মাস্টার বাদী হয়ে অভিযুক্ত লাইলি আক্তারকে এজাহারভুক্ত করে এবং অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষের নামে পর্ণ গ্রাফি আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাইলি আক্তার দীর্ঘদিন ধরে দেবীদ্বারসহ আশেপাশের এলাকায় একটি শক্তিশালী অপরাধ চক্র পরিচালনা করে আসছিলেন। তার মূল কৌশল ছিল প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও প্রবাসী পরিবারগুলোকে টার্গেট করা। চক্রের তরুণীদের ব্যবহার করে প্রথমে প্রেমের অভিনয় বা ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদ পাতা হতো।

এ বিষয়ে দেবীদ্বার থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইলি আক্তারের অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এলাকায় কোনো ধরনের অপরাধমূলক ও মাদক সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়েরের মাধ্যমে পরবর্তী বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রতিবেশী এক ব্যক্তি জানান, লাইলি দীর্ঘদিন ধরে মাদকসহ নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দেহ ব্যবসার আড়ালে গোপন ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিত্তশালীদের টার্গেট করতেন সে।

একই সঙ্গে মাদক চোরা কারবারিতেও বেশ প্রভাব বিস্তার করে। ওই চক্রটি নানা কৌশলে ধরা ছোঁয়ার বাহিরে। এঘটনায় বাসার মালিকের ছেলে এবং লাইলির এক নিকট আত্মীয়ের সেন্টারে অবাধে অপরাধ সংঘটিত করে আসছে।

এ ব্যাপারে এসআই সাগর বড়ুয়া জানান, অভিযানকালে লাইলি আক্তারের দখলে থাকা ১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রয়ের টাকা, ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ তাকে আটক করি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘এই নারী খুবই ধুরন্ধর, সে জামিনে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পূর্বের পর্নগ্রাফির মামলাটিও চলমান রয়েছে। এখন এ মামলার সূত্রধরে তার সহযোগীদের আটকের চেষ্টা করব।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর