নারায়ণগঞ্জ ফতুল্লায় তিন ভুয়া ডিজিএফআই সদস্য আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে ফতুল্লা থানাধীন ভুইগর সাহেবপাড়া পঞ্চায়ত মোর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইগড় পূর্ব পাড়া এলাকার আব্দুস ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, ভুইগর সাহেবপাড়া পঞ্চায়ত মোর এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েক জন ব্যক্তি ডিজিএফআই পরিচয়ে অবস্থান করছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কয়েক জন ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, একপর্যায়ে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা বৈধ পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হন। পরে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে ডিজিএফআই’র ভুয়া পরিচয়পত্র ও ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডিজি এফআইয়ের ভুয়া পরিচয় দেওয়ার কারণে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
প্রতিনিধি/এএম




