বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় ডাকাতকে বাদীর পা ধরে মাফ চাওয়ার ভিডিও ভাইরাল

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় ডাকাতকে বাদীর পা ধরে মাফ চাওয়ার ভিডিও ভাইরাল
গ্রেফতার ডাকাত শহিদুল খান।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির ঘটনার ২৫ দিন পর এক সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করে মামলার বাদীর পা ধরে মাফ চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম তার ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এসআই মফিজুল ইসলাম গ্রেফতার শহিদুল খানকে জিজ্ঞাসা করছেন, তারা কয়জন মিলে বাড়িতে ডাকাতি করেছিলেন। জবাবে শহিদুল বলেন, তারা ১৪ জন ছিলেন এবং গত ৮ আগস্ট ভোরে ফতুল্লার ভুঁইগড় তালতলা এলাকায় হান্নান হোসাইনের বাড়িতে ডাকাতি করেন। এ সময় তিনি কয়েকজন সহযোগীর নাম বলেন এবং কীভাবে তারা বাড়িতে প্রবেশ করেছিলেন, তা দেখান।

আরও পড়ুন

সিলেটে বিতর্কের মুখে মোগলাবাজার থানার ওসি প্রত্যাহার

পরে এসআই মফিজুল শহিদুলকে হান্নান হোসাইনের পা ধরে মাফ চাইতে বলেন। তখন শহিদুল নিজের দোষ স্বীকার করে হান্নান হোসাইনের পা ধরে মাফ চান। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শামীম হোসাইনসহ হান্নান হোসাইনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআই শামীম হোসাইন জানান, গ্রেফতার শহিদুল খান (৪৬) বরিশালের বাকেরগঞ্জ থানার বিহারীপুর এলাকার ইব্রাহীম ওরফে ইসমাইল খানের ছেলে। তাকে ঢাকার তুরাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হৃদয় (২৭) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শামীম হোসাইন বলেন, হৃদয়ের কাছ থেকে ডাকাতি হওয়া এক ভরি দুই রতি স্বর্ণ ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। পলাতক ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর