মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাবা খাবেন, ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: পিন্টু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

বাবা খাবেন, ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: পিন্টু
বক্তব্য দিচ্ছেন আব্দুস সালাম পিন্টু। ছবি: প্রতিনিধি

মাদক ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করা যাবে না বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষাউপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না। জিয়াউর রহমান বলেছিলেন, মাদক সেবন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করা যাবে না। সারা দেশে মাদক বাসা বেঁধেছে। মাদককে না বলতে হবে। সব ধরনের মাদক বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ যারা বুকে ধারণ করবেন, তাঁরা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সালাম পিন্টু বলেন, তারেক রহমান বলেছেন, চাঁদাবাজি করলে বিএনপি করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজি দমন করতে হবে।

চাকরিপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু আমাদের দিকে তাকিয়ে থাকলে হবে না। যার যার জায়গা থেকে চাকরির জন্য চেষ্টা চালাতে হবে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌরসভা বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান ভুট্টো, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর