জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত আমার এইম ইন লাইফ ছিল মাগরিবের পর ঘর থেকে বের হওয়া। তখন আমাকে কেউ আমার জীবনের লক্ষ কি জানতে চাইলে, আমি তাই বলতাম। কারন আমি ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত মাগরিবের আজানের পরে কখনো ঘর থেকে বের হতে পারতাম না। আমার মা আমাকে বের হতে দিতেন না, মাগরিবের আজানের সঙ্গে সঙ্গেই পড়ার টেবিলে বসতে হবে। যদিও তখন এগুলো যন্ত্রণা মনে হতো, কিন্তু এখন মনে হয় তিনি যা করেছেন ঠিক কাজটিই করেছেন।’
শনিবার (২৯ আগস্ট) দুপুরে দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ এ জিপিএ ৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তি-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ও প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘শর্ট ট্রাম প্লেজার ব্রিংস লং টাইম পেইন, শর্ট ট্রাম পেইন ব্রিংস লং টাইম প্লেজার। এখন ছাত্রজীবনের ছোট ছোট আনন্দ যেমন- পড়া ফাঁকি দিয়ে লুকিয়ে মোবাইল চালানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ক্লাসে অনুপস্থিত, এগুলোতে তো আনন্দ পাওয়া যায় কিন্তু এগুলো শর্ট ট্রাম প্লেজার। পরবর্তীতে এই জীবনে তাদের ক্ষতিপূরণ সম্ভব হয় না।’
তিনি আরও বলেন, ‘অপরদিকে যারা শর্ট টাইট পেইন বেছে নিয়েছে যেমন, পড়াশোনায় মনোযোগী, ক্লাসের পড়া নিয়মিত শেষ করে ফেলে, বন্ধুদের সাথে বাইরে অযথা সময় নষ্ট করে না- এগুলো শর্ট ট্রাম পেইন। যারা এই শর্ট ট্রাম পেইন সহ্য করেছে তারাই আজ সফল হয়েছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিচারক, কেউ প্রফেসর। যেই আনন্দের কোনোদিন শেষ হয় না। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি শর্ট ট্রাম প্লেজার বেছে নেবে, নাকি লং ট্রাম প্লেজার।’
এসময় শিক্ষকদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। আগামীদিনে প্রত্যেকটি শিক্ষার্থী জেনে ভালো ফলাফল নিয়ে কৃতকার্য হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। প্রয়োজনে আমাদের জানাবেন, আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সালমা জামান পপি ও শাহিন আলমের সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, দেবীদ্বার সার্কেল এএসপি মো. শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর।
এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, প্রফেসরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান বিভিন্ন উপহার প্রদান করা হয়।
প্রতিনিধি/এএম




