শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

আপস করে না বলেই এনসিপিকে মানুষ দোয়া করে: সারজিস আলম

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

আপস করে না বলেই এনসিপিকে মানুষ দোয়া করে: সারজিস আলম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: ঢাকা মেইল

‘এনসিপি আপস করে না বলেই মানুষ পছন্দ করে, দোয়া করে’ বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর একটি কনভেনশন হলে এনসিপির কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগরের সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেন, একটা জিনিস মনে রাখতে হবে- আমরা ছাড় দিতে পারব না। আমাদের হয়তো চোখ তুলে নেওয়া হবে, রক্তাক্ত করা হবে; কিন্তু আমরা ছাড় দিতে পারব না। একটা কারণে মানুষ আমাদের পছন্দ করে, একটা কারণে মানুষ আমাদের দোয়া করে- আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না। এটাই হচ্ছে- এনসিপির সঙ্গে বিএনপির গুরুত্বপূর্ণ পার্থক্য।

তিনি বলেন, একটা সময় ছিল দিনে সংসদে বিরোধিতা হয়েছে এবং রাতে তাদের মধ্যে ব্যবসার নেগোসিয়েশন হয়েছে, সম্পর্কের নেগোসিয়েশন হয়েছে, টাকা ভাগাভাগির নেগোসিয়েশন হয়েছে। ওই বিরোধী দলের রাজনীতি এনসিপি করতে পারবে না। করলে আগামী দিনে আমাদের অস্তিত্ব থাকবে না।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী, আওয়ামী লীগ হচ্ছে খুনি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নরপিশাচ।

তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগ ‘গণহত্যাকারী ও খুনি’। 

বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীরা যদি চাঁদাবাজি করে, তাদের চাঁদাবাজ বলব। তারা যদি অন্যের জমি দখল করে, তাদের দখলদার বলব। তারা যদি ছাত্রদল-যুবদলের কর্মীদের ব্যবহার করে মাদক ব্যবসা করে, আমরা তাদের মাদক ব্যবসায়ী বলব।

সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এনসিপির কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর