শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত রবিউলের জানাজা শেষে দাফন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত রবিউলের জানাজা শেষে দাফন
নিহত রবিউল ইসলাম হৃদয়।

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত রবিউল ইসলাম হৃদয়ের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে রবিউলের মরদেহ তার নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাকে একনজর দেখতে রাত থেকেই বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

রবিউল ইসলাম হৃদয় ভাগ্য পরিবর্তনের আশায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি দেন। তার ভিসা ও পাসপোর্ট থাকলেও আকামা বা বৈধ কাগজপত্র ছিল না। ফলে তাকে অনেকটা লুকিয়ে কাজ করতে হতো। প্রায় তিন বছর তিনি এভাবে সৌদি আরবে অবস্থান করেন।

সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম হৃদয় নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের আসলাম শেখের ছেলে।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার রাতেই রবিউলের মরদেহ তার বাড়িতে পৌঁছায়। শুক্রবার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নিহত আরও দুজনের মরদেহ দ্রুত দেশে আসবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর