শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১২:২২ এএম

শেয়ার করুন:

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
তালা থানা। ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দিয়ে খুলনার কয়রা উপজেলা থেকে সাতক্ষীরার তালায় এনে এক গৃহবধূকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করার পর রাতভর দফায় দফায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় এক নারীসহ দুই যুবকের বিরুদ্ধে তালা থানায় মামলা হয়েছে।

পুলিশ অধিকতর তদন্তের স্বার্থে মামলার আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করেনি।

ভুক্তভোগীর এক মামাতো ভাই (৪৮) জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের অসুস্থ ওই গৃহবধূকে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে উন্নত চিকিৎসা করিয়ে দেওয়ার আশ্বাসে তালায় নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় সাতক্ষীরায় গিয়ে চিকিৎসক পাওয়া যাবে না, এমন কথা বলে তাকে তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ওই বাসায় থাকা এক নারীর সহযোগিতায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে গৃহবধূকে অচেতন করা হয়। এরপর সেখানে থাকা এক যুবক তাকে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর বিষয়টি বুঝতে পেরে ওই নারীকে জানালে তিনি তাকে গালিগালাজ করেন এবং মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান বলে অভিযোগ করা হয়েছে।

পরে রাতভর ওই গৃহবধূকে দফায় দফায় দুই যুবক ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কৌশলে ওই বাসা থেকে বের হয়ে তিনি তালা থানায় গিয়ে অভিযোগ করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, শুক্রবার সকালে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে থানায় এসে ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করেন। তার বক্তব্যের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে দুই যুবক ও এক নারীর বিরুদ্ধে অচেতন করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। 

ওসি আরও জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর