শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

কাদাময় সাড়ে তিন কিলোমিটার সড়কে নাকাল মোস্তফাপুরের ২০ হাজার মানুষ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

কাদাময় সাড়ে তিন কিলোমিটার সড়কে নাকাল মোস্তফাপুরের ২০ হাজার মানুষ
মাদারীপুর মোস্তফাপুরের কাদাময় রাস্তায় নাগরিক ভোগান্তি। ছবি- ঢাকা মেইল

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৮টি গ্রামের ২০ হাজার মানুষের যাতায়াতের জন্য একমাত্র রাস্তা এখন বেহাল অবস্থা। সাড়ে তিন কিলোমিটারের এই সড়কটি পুরোটাই কাদাময়।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমজুড়েই রাস্তাাটির যান চলাচল বন্ধ। ফলে অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে বিড়ম্বনায় পড়ছেন স্বজনরা। এমনকি, সড়ক পাকা না থাকায় পিছিয়ে যাচ্ছে বিবাহসহ সামাজিক কর্মকাণ্ডও। কিন্তু সংশ্লিষ্টদের বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তবে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরও (এলজিইডি)।

Madaripur_Mostafapur_Road_1
মাদারীপুর মোস্তফাপুরের কাদাময় রাস্তায় নাগরিক ভোগান্তি। ছবি- ঢাকা মেইল

সরেজমিনে মোস্তফাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ঘুরে দেখা যায়, উত্তর বড় বাড্ডা থেকে দক্ষিণ বড় বাড্ডা সড়কের সাড়ে তিন কিলোমিটার পুরোটায় কাঁচা রাস্তা। বর্ষা মৌসুম হওয়ায় এখন পুরো সড়কটি কাদা বেহাল অবস্থা।

বৃষ্টির পানি জমে কোথাও কোথাও বড় বড় গর্তও তৈরি হয়েছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসী।

হঠাৎ বুকে ব্যথা হওয়ায় ষাটোর্ধ্বো বৃদ্ধা সাফি বেগমকে হাসপাতালে নিতে বিড়ম্বনায় পড়েন স্বজনরা। সাফি বেগমের স্বজনরা বলেন, কাদাময় রাস্তায় ভ্যান ঠেলে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে।

Madaripur_Mostafapur_Road_2
মাদারীপুর মোস্তফাপুরের কাদাময় রাস্তায় নাগরিক ভোগান্তি। ছবি- ঢাকা মেইল

স্থানীয়রা বলছেন, এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন অন্তত ৫-৭ হাজার মানুষ যাতায়াত করেন। বড় খালপাড়, জয়াইর, হাদুল্লাপুরসহ ৮টি গ্রামের ২০ হাজার মানুষের যাতায়াতের সড়ক এটি। বিকল্প সড়ক না থাকায় কৃষি পণ্য যাতায়াতেও কষ্টের শেষ নেই চাষিদের। হচ্ছে সময়ের অপচয়ও।

বাসিন্দাদের অভিযোগ,  শুষ্ক মৌসুমে হাঁটাচলা করা গেলেও বর্ষা মৌসুমে দুর্ভোগ বাড়ে কয়েকগুণ। পাকা সড়ক সংস্কারের জন্য বারবার সংশ্লিষ্ট দফতর ও জনপ্রতিনিধিকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

স্থানীয় বাসিন্দা মোস্তফা মাতুব্বর বলেন, ‘বিগতদিনে জনপ্রতিনিধির কাছে গিয়েও সড়কটির কোনো দৃশ্যমান অগ্রগতি পাইনি। আমরা চাই দ্রুত রাস্তাটি পাকাকরণ করা হোক।’

Madaripur_Mostafapur_Road_3
মাদারীপুর মোস্তফাপুরের বেহাল রাস্তার সংস্কারে মানববন্ধন করেন বাসিন্দারা। ছবি- ঢাকা মেইল

কৃষক শিপন সরদার বলেন, ‘কৃষিপণ্য আনা-নেয়ার জন্য মারাত্মক অসুবিধায় পড়ছি। পুরো সড়টাই মাথায় করে পণ্য বহন করতে হয়। ছোটোবেলা থেকেই সড়কের এই চিত্র দেখে আসছি। আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ চাই।’

স্কুল শিক্ষার্থী নয়ন ফকির বলেন, ‘বৃষ্টি হলে রাস্তা কাঁদা হয়ে যায়। আর শুষ্ক মৌসুমেও চলাচল করতে পারি না। আমাদের অনেক কষ্ট হয়।’

এ বিষয়ে এলজিইডি’র মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার খান বলেন, শিগগিরই কাঁচা রাস্তাটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলা হবে। সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি উপজেলা প্রকৌশলীকেও এ ব্যাপারে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর