সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কর্মরত অবস্থায় আগুনে পুড়ে নাটোরের তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবরে পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (৯ আগস্ট) নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— নাটোরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার মো. জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম শেখের ছেলে রবিউল আউয়াল হৃদয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান ওই তিনজন। তারা সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফার কারখানায় কর্মরত ছিলেন। রোববার বিকেলে হঠাৎ ওই সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। ওই কারখানার ভেতরে কর্মরত অবস্থায় তাদের মৃত্যু হয়। যার মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের তিনজনের মৃত্যুর হয়েছে।
ইউএনও মো. আল ইমরান খান জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/টিবি




