শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
টাঙ্গুয়ার হাওর। ছবি: ঢাকা মেইল

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে হাওরে গোলাবাড়ি এলাকার পর্যবেক্ষণ টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর খান সাভারের জাহাঙ্গীর নগর হাউজিং সোসাইটির বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার গুনেরগাতী গ্রাম। 

বিকেল সাড়ে ৪টার দিকে হাওরে এ ঘটনা ঘটে। পরে তার সঙ্গে থাকা অন্যরা সন্ধ্যায় ওই ব্যাক্তিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলী আকবর খানের জামাতা খায়রুল ইসলাম জানান, নেত্রকোনা জেলার মদন ঘাট থেকে ৩২ জন পর্যটক নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা হয় ‘সাগর পরিবহন’ নামে একটি পর্যটকবাহী নৌকা। ওই নৌকাতে খায়রুল ইসলামের স্ত্রী ও কন্যার সঙ্গে আলী আকবর খান ছিলেন। নৌকাটি টাঙ্গুয়ার হাওরে আসার পর পর্যটকেরা শুক্রবার বিকেলে ছোট নৌকার করে পর্যবেক্ষণ টাওয়ার এলাকার কচরবাগানে গিয়ে গোসল করতে নামেন। এ সময় নৌকা থেকে আলী আকবর খানও নেমে পানিতে সাঁতার কাটছিলেন। 

এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক সেখানে থাকা অন্য পর্যটকেরা তাকে উদ্ধার করেন। পরে একটি নৌকায় করে তাহিরপুর উপজেলার সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাওরের গোলাবাড়ি এলাকার বাসিন্দা খসরুল আলম জানান, বিকেলে তারা খবর পান হাওরের পানিতে একজন পর্যটক ডুবে গেছেন। পরে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, পানিতে ডুবেই আলী আকবর খান মারা গেছেন। লাশটি এখনো থানায় আছে। আইনি পক্রিয়া শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর