১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এলাকাবাসী আটক করেছে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ওরফে রিপন ভিডিওকে। নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে ঘটেছে এ ঘটনা। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও অনুষ্ঠিত হয়েছে। গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি রিপনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসীরা।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত রিপন মিয়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা। কিছুদিন আগে নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেন তিনি। এরপর থেকে সেখানেই বাস করছিলেন পরিবারসহ।

গ্রামবাসী জানায়, সম্প্রতি নন্দুরার ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে রিপন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল সোমবার বিকেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁকে আটক করে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে ৫ লাখ টাকা জরিমানা এবং নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেন তাঁরা।

স্থানীয়দের কয়েকজনের ভাষ্য, এর আগেও স্ত্রী সন্তানের পরিচয় গোপন করা ও বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় রিপন মিয়াকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। পরে তিনি নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।
এদিকে বিষয়টি নিয়ে মুখ খোলেননি রিপন মিয়া। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পায় সংবাদমাধ্যম।
আরআর




