কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকায় পালং কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলখলা গ্রামের বাসিন্দা মোজ্জাফফর ড্রাইভারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সুকান্ত চক্রবর্তী।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম জানান, রাতে আতিকুর রহমান মোটরসাইকেল নিয়ে ধেছুয়াপালং এলাকায় যাওয়ার সময় পালং কনভেনশন হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আতিকুরের মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটির অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়ি জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/এফএ




