ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে যাত্রীবাহী ট্রেনের চালক ট্রেন ছেড়ে পালানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই)সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন মোবারকগঞ্জ রেল স্টেশনে থামলে ট্রেন থেকে চালক উধাও হয়ে যায়।
যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, আধা ঘণ্টা পর ঘটনাটি জানাজানি হলে যাত্রীরা স্টেশনের প্লাটফর্মে নেমে আসেন। সে সময় স্টেশন মাস্টার কক্ষে হট্টোগোলের সৃষ্টি হয়। কালীগঞ্জ থানা পুলিশের একটি দল স্টেশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং চালককে প্রায় দেড় ঘণ্টা পর খুঁজে বের করে। তবে কী কারণে তিনি পালিয়েছিলেন এ ব্যাপারে জানা যায়নি।
সাগরদাড়ি ট্রেনের গার্ড শফিকুল ইসলাম জানান, আমি গাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে বিকাল ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। এরপর গাড়ির ক্লিয়ার দিলে ট্রেন না ছাড়ায় খোঁজ নিয়ে জানতে পারি চালক গাড়ি রেখে চলে গেছে। তবে কী কারণে গাড়ি রেখে চলে গেছে তা বলতে পারেননি।
মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, খুলনা থেকে ছেড়ে সাগরদাড়ি ১৬১ আপ ট্রেনটি ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নিয়মানুযায়ী ২ মিনিট দাঁড়িয়ে থাকার পর ক্লিয়ার দেওয়া হয় কিন্তু সেখানে চালকের ইঞ্জিনে গিয়ে দেখা যায় দরজা বন্ধ, ইঞ্জিনও বন্ধ। এরপর থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। এক ঘণ্টার অধিক সময় পর চালক ফিরে আসে এবং ট্রেন নিয়ে যাত্রা শুরু করে। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি স্টেশন ত্যাগ করে।
প্রতিনিধি/ এজে




