রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিরল রোগে আক্রান্ত শিশু, জন্মের পরদিনই মাকে ডিভোর্স দেন বাবা

ইউসুফ দেওয়ান রাজু
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

বিরল রোগে আক্রান্ত শিশু, জন্মের পরদিনই মাকে ডিভোর্স দেন বাবা
মায়ের পাশে বসে বিরল রোগে আক্রান্ত শিশু আবু বকর। ছবি: ঢাকা মেইল

জন্মের পর সন্তানের মুখ দেখে যেখানে বাবা-মা ও পরিবারে আনন্দের জোয়ার বয়ে যায়, সেখানে সিরাজগঞ্জের উল্লাপাড়ার অলিপুর গ্রামের ছোট্ট আবু বকরের জন্ম যেন নিয়ে আসে এক নির্মম অধ্যায়ের সূচনা।

পৃথিবীর আলো দেখার পরই জানা যায়, সে (ইকথায়োসিস) নামের একটি বিরল বংশগত চর্মরোগে আক্রান্ত। আর সেই খবর জানার পরই স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যান তার বাবা। তারপর কেটে গেছে দীর্ঘ ১০ বছর। একবারের জন্যও ফিরে তাকাননি সন্তান কিংবা স্ত্রীর দিকে। আজও বাবার স্নেহ কী, তা জানা হয়নি আবু বকরের। তার একমাত্র আশ্রয়, সংগ্রামী মা আলিয়া খাতুন।

পরিবার ও প্রতিবেশীরা জানায়, ১০ বছর বয়সী আবু বকরের দিন শুরু হয় পানিতে নেমে, শেষও হয় পানিতেই। একটু রোদ কিংবা সামান্য গরম লাগলেই তার পুরো শরীরের চামড়া শুকিয়ে ফেটে যায়। শুরু হয় অসহনীয় জ্বালাপোড়া ও যন্ত্রণা। সেই কষ্ট কিছুটা লাঘব করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে পানিতে ডুবে থাকতে হয়। যে বয়সে সমবয়সীরা মাঠে ছুটে বেড়ায়, খেলাধুলা করে, স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটায় সে বয়সেই আবু বকরের সঙ্গী হয়ে উঠেছে একাকীত্ব, ব্যথা আর নীরব কান্না।

c0a267e2-e214-42e2-a42a-90391f83e3fd

শিশু আবু বকরের কণ্ঠে অসহায় আকুতি নিয়ে জানায়, রোদে বের হলেই শরীর জ্বলে যায়, চামড়া ফেটে রক্ত বের হয়। তাই সারাদিন পানির মধ্যেই থাকতে হয়। অন্য শিশুদের মতো খেলতে বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। তারও ইচ্ছা একদিন সুস্থ হয়ে সবার মতো স্বাভাবিক জীবন কাটাবে।

আবেগাপ্লুত কণ্ঠে আবু বকরের মা আলেয়া খাতুন বলেন, ‘ছেলের জন্মের পর চিকিৎসকেরা যখন জানান সে বিরল রোগে আক্রান্ত, তখনই তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এরপর থেকে কখনো ছেলের খোঁজ নেননি, কোনো খরচও দেননি।’

তিনি বলেন, ‘ছেলেকে নিয়ে অনেক কষ্টে আছি। মানুষের বাসায় কাজ করি, মাদ্রাসায় রান্না করি। এতে যে টাকা পাই। এই টাকা দিয়ে কোনো রকমে সংসার চলে। ছেলের চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই। তারপরও আল্লাহর ভরসায় ছেলেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। শুধু রোগ নয়, সামাজিক অবহেলাও প্রতিনিয়ত কষ্ট বাড়িয়ে দিয়ে আমাদের।’

349bd9a5-71d3-48ae-a08b-49f310cb0e22

প্রতিবেশী খাদিজা বেগম বলেন, ‘ছোটবেলা থেকেই ছেলেটি অনেক কষ্টে আছে। রোগ সম্পর্কে মানুষের অজ্ঞতার কারণে অনেকেই ভয় পেয়ে দূরে সরে থাকেন। অথচ ছেলেটির সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা আর সহযোগিতা।’

আরেক প্রতিবেশী আব্দুর রাজ্জাক বলেন, ‘এই পরিবারটি অত্যন্ত অসহায়। মায়ের একার পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব নয়। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে হয়তো শিশুটির চিকিৎসা সম্ভব হবে।’

অলিপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম জানান, আলেয়া খাতুন দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে রান্নার কাজ করছেন। অত্যন্ত সৎ ও পরিশ্রমী এই নারী সামান্য বেতনে কোনো রকমে ছেলেকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

d74784c1-8401-478f-bea1-f4f61a698e2b

তিনি বলেন, ‘প্রতিদিন নিজের কষ্ট ভুলে ছেলের মুখের দিকে তাকিয়ে কাজ করেন। কিন্তু এই আয় দিয়ে চিকিৎসা চালানো অসম্ভব। আমরা চাই সমাজের বিত্তবান মানুষ তার পাশে দাঁড়ান।’

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সামিউল ইসলাম রনি জানান, আবু বকর (ইকথায়োসিস) নামে একটি বিরল বংশগত চর্মরোগে আক্রান্ত। এই রোগে ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায়, বারবার ফেটে যায় এবং প্রচণ্ড জ্বালাপোড়া সৃষ্টি হয়। রোগটি পুরোপুরি নিরাময় করা না গেলেও নিয়মিত চিকিৎসা, বিশেষ ধরনের ময়েশ্চারাইজার, প্রয়োজনীয় ওষুধ এবং বিশেষ পরিচর্যার মাধ্যমে রোগীর কষ্ট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, শিশুটির চিকিৎসার বিষয়ে সহযোগিতার চেষ্টা করা হবে। পাশাপাশি তার মাকে সরকারি ভাতা কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পরিবারটি কিছুটা হলেও স্বস্তি পায়।

14b094a4-988c-443b-b05f-17e2123454e2

এদিকে অভাবের সঙ্গে প্রতিদিন লড়াই করছে এই অসহায় পরিবার। একদিকে বিরল রোগে আক্রান্ত সন্তানের অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার ব্যয়ভার সব মিলিয়ে যেন দিশেহারা মা।

সমাজের মানবিক মানুষ, বিত্তবান ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এলে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে ছোট্ট আবু বকর। সহযোগিতা করতে যোগাযোগ করুন: ০১৩৪৪৪৭৮৯৭৪ (বিকাশ)। হয়তো আপনার সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে এক অসহায় শিশুর মুখের হাসি, আর একজন মায়ের দীর্ঘদিনের কান্নার অবসান ঘটাতে পারে।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর