Dhaka Mail Logo

সারাদেশ

বয়সের সঙ্গে মাথার আকারও বড় হচ্ছে শিশুটির

ঢাকা মেইল ডেস্ক

২৯ আগস্ট ২০২৩, ০১:১৯ পিএম

বিরল রোগে আক্রান্ত চার মাস বয়সী শিশু নুচিং মং মারমা। জন্মের পর থেকেই অস্বাভাবিকভাবে বড় হচ্ছে তার মাথার আকার। এতে ক্রমেই শরীরের ভারসাম্যও হারাচ্ছে শিশুটি। আর্থিক অস্বচ্ছলতায় তার নিয়মিত চিকিৎসাও করাতে পারছেন না পরিবার। শিশুটিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন নুচিং মং মারমার মা-বাবা।

নুচিং মং মারমা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডলুপাড়া এলাকার দিনমজুর ম্রানু মং মারমা ও সানু চিং মারমা দম্পতির প্রথম সন্তান। চলতি বছরের ১৭ মে জেলা সদর হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তার জন্ম হয়। এর পরপরই বিরল রোগটি ধরা পড়ে।

শিশুটির মা সানু চিং মারমা জানান, জন্মের পর থেকে ছেলের মাথাটি অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। এ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে চট্টগ্রাম হাসপাতালের নিউরোলজিক্যাল সার্জারি বিভাগে দেখানোর পরামর্শ দেওয়া হয়। তবে আর্থিক অস্বচ্ছতার কারণে চট্টগ্রামে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এরমধ্যে স্থানীয় কবিরাজ ও হোমিওপ্যাথিক চিকিৎসা করানো হলেও এই রোগ কোনোভাবে উপশম হচ্ছে না। এ জন্য ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারি সহায়তা কামনা করেন তিনি। 

আরও পড়ুন

রাতে বিয়ে, সকালে লাশ হলেন স্বামী

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা জানান, ডলুপাড়া এলাকার দিনমজুর ম্রানু মং মারমার ছেলেকে দেখেছি এবং এটা আসলেই হৃদয় বিদারক। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তাকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও শিশু নুচিং মং মারমার চিকিৎসা খরচ যোগাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসক, সমাজসেবা অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকেও সাধ্যমত সহায়তা করা হবে বলে জানান তিনি।

 

নুচিং মং মারমার বিরল এই রোগের ব্যাপারে কথা হলে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার এস এম আসাদুজ্জামান বলেন, শিশুটি যে রোগে আক্রান্ত সেটাকে ডাক্তারি ভাষায় ‘হাইড্রোকেফালাস’ বলা হয়। সাধারণত গর্ভাবস্থায় এই রোগে আক্রান্ত হয়ে থাকে শিশুরা। বান্দরবানে এই রোগের চিকিৎসা ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণের পরামর্শ দেওয়া হয়ে থাকে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/আইএইচ