টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোফাজ্জল ওরফে মুফিজুল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত আসামি মফিজুল অর্জুনা ইউনিয়নের ভরুয়া গ্রামের হাছেন মন্ডলের ছেলে। এর আগে মঙ্গলবার (২৪ জুন) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
মামলার সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ জুন) দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত মফিজুল মেয়েটির হাত মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যান।
এর পর বিষয়টি নিয়ে এলাকার জনপ্রতিনিধি ও মাতব্বরেরা মীমাংসার জন্য ভয়ভীতি দেখিয়ে দরিদ্র পরিবারটিকে চাপ দেয় এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি মফিজুলকে গ্রেফতার করতে সক্ষম হন ভূঞাপুর থানা পুলিশ।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘আমার অবুঝ মেয়ের সর্বনাশের চেষ্টা করে প্রতিবেশী মফিজুল। মফিজুলের কঠোর শান্তি চাই।’
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগ এক ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মফিজুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’
প্রতিনিধি/এমআই




