মাদারীপুরে দুই বছরের বেশি সময় ধরে নদী গর্ভে ভেঙে গেছে ৫০০ মিটার সড়ক। কৃষিজমির পাশ দিয়ে কোনোমতে ঝুঁকি চলছে যানবাহন। অথচ, কালকিনির ফাসিয়াতলা-লক্ষ্মীপুর-পখিরা সড়কটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। আগামী বর্ষা মৌসুমে দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী। যদিও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখার কথা জানায় এলজিইডি।
সরেজমিনে দেখা যায়, মাদারীপুরের কালকিনির ফাসিয়াতলা হয়ে লক্ষ্মীপুর-পখিরা সড়কটি নদীর ভাঙন কবলে। বেশকিছু জায়গায় হয়েছে ব্যাপক ক্ষতি। অথচ, পাকা এই সড়ক দিয়ে প্রতিদিন ১০টি গ্রামের মানুষের যাতায়াত। প্রায় বন্ধ যান চলাচল। পা হেঁটেও অনেকে করছেন যাতায়াত। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে সড়কে ব্যাপক ভাঙন। এতে দিনের বেলায় কোনোমতে চলাচল করা গেলেও সন্ধ্যা হলে বাড়ে আতঙ্ক।
বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সড়কটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াতের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নেওয়া হয় রোগীদের। বিকল্প পথ ঘুরে যেতে পাড়ি দিতে হয় আরো ৭ কিলোমিটার। এতে ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের। কালকিনির লক্ষ্মীপুর-পখিরা সড়কটি দিয়ে প্রতিদিন এনায়েতনগর, আলীনগর, বাঁশগাড়ি ইউনিয়নের পাশাপাশি কালকিনি পৌরসভার ৬ নং ওয়ার্ডের অন্তত ৮-১০ হাজার মানুষ যাতায়াত করেন। পালরদী নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া ৫০০ মিটার সড়ক এখন মেরামত করা না গেলে, আগামী বর্ষা মৌসুমের আগে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর।
তথ্য বলছে, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে আসছে একটি অসাধু চক্র। ফলে ভাঙনে নদীর পাড় ও রাস্তা। এটি বন্ধ করা না গেলে ভাঙনের আরো ভয়াবহতা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা মোসলেম উদ্দিন বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি। এতে এলাকার লোকজন ও যাতায়াতকারীরা চরম দুর্ভোগের শিকার। আমরা এই সমস্যার সমাধান চাই।’

সড়ক দিয়ে যাতায়াতকারী রুপালি বেগম বলেন, ‘বাচ্চাকে নিয়ে প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে যাই। আসা-যাওয়া অনেক কষ্ট হয়। ভয় লাগে কখন আবার দুর্ঘটনার কবলে না পড়তে হয়। সড়কটি দ্রুত মেরামত করা প্রয়োজন।’
ইজিবাইক চালক সাইদুর ইসলাম আঁকন বলেন, ‘এখন জমির পাশ দিয়ে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে মহাবিপদে পড়তে হয়। কয়েকবার ইজিবাইক উল্টে গেছে। আমিসহ যাত্রীরাও আহত হয়েছে, কিন্তু বিষয়টি কারই কোনো মাথাব্যথা নেই।’
মাদারীপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া জানান, ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হবে। তারা বেড়িবাঁধের কাজ করে দিলে পরবর্তীতে নেওয়া হবে ব্যবস্থা। এই বেঁড়িবাধ ছাড়া এলজিইডির পক্ষে পুরোপুরি সড়ক মেরামত বা সংস্কার করার সুযোগ নেই।
প্রতিনিধি/এসএস




