শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবে না ইমাম

বাড়িতে বাদ্যযন্ত্র কিংবা গান বাজানো হলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম। এমনকি ওই বাড়ির মৃত্যুর খবরও দেওয়া যাবে না মসজিদের মাইকে। বনভোজন বা কোনো দিবস উদ্‌যাপনেও আয়োজন করা যাবে না গান বাজনার।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার তেররশিয়া পোড়াগ্রামে গত দুই মাস ধরে চলছে এমন নিয়ম। পাশাপাশি সব ধরনের বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম ধর্মে নিষিদ্ধ বলে তেররশিয়া পোড়াগ্রাম জামে মসজিদের ইমাম স্থানীয়দের নিয়ে সমাজ রক্ষা কমিটি করে এই উদ্যোগ নিয়েছেন।


বিজ্ঞাপন


'সমাজ রক্ষা কমিটি'র সদস্যরা ওই সময় বাড়ি বাড়ি গিয়ে এমন নোটিশ জারি করেন। গ্রামের মানুষ তো নয়ই, বাইরে থেকে আসা ফেরিওয়ালারাও গ্রামে গান বাজানোর সাহস পায় না। এমনকি গ্রামের বিভিন্ন জায়গায় ‘গান-বাজনা নিষিদ্ধ’ লেখা ব্যানারও সাঁটানো হয়েছিল। পরে পুলিশ গিয়ে ব্যনারগুলো খুলে নিয়ে আসে।

a6453e2b-cdf5-41ba-a80e-1dddec488688

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, আমাদের এলাকায় প্রায় ৫০টি পরিবার বসবাস করে। সবাই ইসলাম ধর্মের অনুসারী এবং নামাজ আদায় করেন। কিন্তু মাঝে মাঝে এখানকার বিয়ে বাড়ি কিংবা কোনো আয়োজনে গান-বাজনা করা হয়। তাই আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি—এখন থেকে কোনো বাড়িতে গান-বাজনা চলবে না। আর যার বাড়িতে গান-বাজনা হবে তার বাড়িতে বিয়ে পড়াতে যাবেন না ইমান।

আরও পড়ুন

এমপি প্রার্থীর খতনায় ৭ বছরের শিশুর অবস্থা আশঙ্কাজনক

জুয়েল রানা নামের আরও এক বাসিন্দা বলেন, গ্রামের মোড়ে মোড়ে ‘গ্রামে গান-বাজনা চলবে না’ লেখা ব্যানার সাঁটানো হয়েছে। এমনকি গ্রামের কোনো হকারও মাইকে প্রচার করতে পারবে না। মসজিদেও মৃত্যুর খবর প্রচার করা যাবে না। পরে পুলিশ এসে ব্যানারগুলো খুলে নিয়ে গেছে।

সদর উপজেলার পোড়াগ্রাম গ্রামের মসজিদের ইমাম আব্দুল মালেক বিন খলিরুর রহমান বলেন, বিপথগামী মানুষদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু আর কোনো নবী–রাসুল আসবেন না, তাই আলোকিত সমাজকে সমাজ সংস্কারের পদক্ষেপ নিতে হবে। এরই অংশ হিসেবে গ্রামে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, গান-বাজনা বন্ধের আইনি কোনো নিষেধ নেই। তাই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর