শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

এমপি প্রার্থীর খতনায় ৭ বছরের শিশুর অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

এমপি প্রার্থীর খতনায় ৭ বছরের শিশুর অবস্থা আশঙ্কাজনক

দ্বাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠির-২ (সদর-নলছিটি) আসনের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) মনোনীত এমপি প্রার্থী ফোরকান হোসেন খানের খতনায় ৭ বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ফোরকান হোসেন খান পূর্ব পাওতা এলাকার দিনমজুর ফোরকানের ছেলে কাওসার হোসেন খতনা করান। খতনার পর শিশুর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসকরা পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ ও পিজি হাসপাতালে নেওয়া হলেও ভর্তি সম্ভব হয়নি। অবশেষে ৪ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর শরীরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

হাসপাতালে লিফটের নিচে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

শিশুটির বাবা ফোরকান হোসেন বলেন, আমার সন্তান এখন জীবনসংকটে। চিকিৎসার খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব। আমরা চাই অভিযুক্ত ডাক্তারকে আইনের আওতায় আনা হোক, যেন আর কেউ ভুক্তভোগী না হয়।

অভিযুক্ত ফোরকান হোসেন খান দাবি করেছেন, আমি দীর্ঘদিন ধরে খতনা করে এসেছি। অনেক গরিব শিশুদের ফ্রিতেও করেছি। এই শিশুর খতনাও আমি করেছি। কিন্তু দুর্ঘটনা হওয়ার কোনো কথা ছিল না। যদি সুন্নতে খতনার কারণে সমস্যা হয়, তাহলে দায়ভার আমার, তবে অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে সেটা আমার দায়িত্ব নয়।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, এখনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর