কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদরখালী ফাজিল মাদরাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত খালেদ বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপির গাড়ির বহরের পেছনে থাকা ৩ নম্বর গাড়িটি শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। গাড়িবহরে থাকা তারেক রহমান জানান, মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন পরবর্তী সফর শেষে কুতুবদিয়া থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত শিশুকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পরপরই উত্তেজিত জনতা বহরের একটি গাড়ি ভাঙচুর করে।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এমপির গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এফএ

