কার্যক্রম নিষিদ্ধ থাকা মুন্সিগঞ্জের একটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে ২৪ ঘন্টা না যেতেই ওই কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
রোববার বেলা ৩টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এসময় দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানতে চাইলে এনসিপির সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ বলেন, ‘গতকাল শনিবার রাতে কার্যালয়টি চালুর ভিডিও ভাইরাল হয়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার ওসি-ইউএনওকে তাৎক্ষণিক জানাই।
বিজ্ঞাপন
‘বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকায় নিজ উদ্যোগে উপস্থিত থেকে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা এমনভাবে ভিডিও ছড়িয়ে দিয়েছিল যেনো প্রত্যাবর্তন হচ্ছে, কিন্তু আসলে কিছুই না।’
‘কিছু বাচ্চা নিয়ে তারা স্লোগান দিয়েছিল, এটাই আওয়ামীলীগের রাজনীতি’, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা চাই না, জুলাইয়ের ১৪০০ খুনের বিচারের আগে বাংলাদেশে কিংবা মুন্সিগঞ্জে তাদের প্রত্যাবর্তন ঘটুক। তবে যেহেতু দলকে নিষিদ্ধ করা হয়নি,শুধুমাত্র তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে তাই আমরা বিশৃংখল কোনো পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করিনি।’
‘কিন্তু সতর্ক করছি যদি এমন কার্যক্রম অব্যাহত থাকে তাহলে শীঘ্রই আমরা সাংগঠনিকভাবে সেটি প্রতিহত করবো’, বলেন নেওয়াজ।
এরআগে, শনিবার মুন্সিগঞ্জের শ্রীনগরের বীরতারা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় চালু সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিশ্লেষণ করে ঘটনাটি কবের তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।’
‘এ বিষয়ে তদন্ত চলছে। সেটা একটি শার্টার লাগানো দোকান ঘর। ঘটনায় জড়িত সাব্বির দীর্ঘদিন ধরেই পলাতক রয়েছেন,’ বলেন ওসি।
যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে ফলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এএম

