সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বরগুনায় ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ে টানানো হলো ছবি, কয়েক ঘণ্টা পর ভাঙচুর

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

বরগুনায় ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ে ছবি টানানো, কয়েক ঘণ্টা পর ভাঙচুর

বরগুনার বেতাগী উপজেলাতে দীর্ঘ প্রায় ১৮ মাস পর তালা ভেঙে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোর কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দেয়াল থেকে ছবি সরিয়ে ফেলা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে পৌর মার্কেট এলাকায় অবস্থিত পরিত্যক্ত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় তারা কার্যালয়ের ভেতরে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ফুলের মালা পরান। পাশাপাশি প্রধান ফটকে নতুন সাইনবোর্ডও স্থাপন করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


তবে একই দিন রাতে কিছু ছাত্র-জনতা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ছবিগুলো সরিয়ে ফেলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, দেয়ালে কোনো ছবির অস্তিত্ব নেই। মালার ফুল ও ছবি বাঁধানো কাচ মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

c128d0cd-646c-409f-8b42-a81b32a38cd7

নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা বলেন, দীর্ঘদিন মামলা ও হয়রানির মধ্যে থাকলেও বর্তমানে তারা শান্তিপূর্ণ অবস্থানে রয়েছেন। তার দাবি, কিছু দুষ্কৃত ব্যক্তি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক দুই নেতা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। এরপর পর্যায়ক্রমে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে মালা পরানো হয় এবং সাইনবোর্ড স্থাপন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বরগুনায় কার্যালয়ে তালা ভেঙে ছবি টানালো ছাত্রলীগ, ভিডিও ভাইরাল

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, দীর্ঘদিন দেশে অস্থিরতা ছিল। আমাদের নেত্রীর নির্দেশে দলীয় কার্যালয়গুলোতে আবার কার্যক্রম শুরু করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা এখানে ছবি ও ব্যানার টাঙিয়েছি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, কার্যালয় খোলা ও ছবি টানানোর বিষয়ে আগে থেকে কোনো তথ্য আমার জানা ছিল না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, ছাত্রলীগ আমাদের সঙ্গে আলোচনা করেই কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে। দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতার কারণে নেতা-কর্মীরা সেখানে যেতে পারেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের ঘটনায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর হয় এবং সেটি তালাবদ্ধ করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে অনেক নেতা-কর্মী আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁদের একটি অংশ আবার প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতায় সক্রিয় হচ্ছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর