নোয়াখালী জেলা পুলিশের বিশেষ অভিযানে সুধারাম থানা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় একটি বাছুরসহ মোট ছয়টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুধন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স ধর্মপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিজাম উদ্দিনের বাড়ির পাশের একটি বাগানে অভিযান চালান। সেখানে পরিত্যক্ত অবস্থায় গরুগুলোকে দেখতে পায় পুলিশ।
পরে অভিযানস্থল থেকে পুলিশ ১টি সাদা-কালো রঙের অস্ট্রেলিয়ান গাভী (এক মাস বয়সী বাছুরসহ) ১টি লাল-সাদা রঙের জার্সি গাভী,১টি সাদা-কালো রঙের অস্ট্রেলিয়ান গাভী, ২টি কালো রঙের অস্ট্রেলিয়ান গাভী।
স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেও ঘটনাস্থলে গরুর কোনো বৈধ মালিক খুঁজে পাওয়া যায়নি। ফলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, গরুগুলো চুরি করে আনায় সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
পরবর্তীতে দুপুর সাড়ে ১২ টার দিকে উপস্থিত জনসাধারণের সামনে গরুগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে থানা হেফাজতে নেওয়া হয়।
সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত গরুগুলোর প্রকৃত মালিক শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এ লক্ষে সারা দেশের সকল থানায় ছবিসহ বেতার বার্তা পাঠানো হয়েছে এবং বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।’
যদি কারো গরু হারিয়ে থাকে তাহলে যথাযথ প্রমাণসহ সুধারাম থানায় যোগাযোগ করার জন্যও অনুরোধ করেন ওসি।
এএম

