মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কাঁঠালিয়ায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ এএম

শেয়ার করুন:

কাঁঠালিয়ায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক
মেহেদী হাসান শুভ খান

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার ছোনাউটা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের নাম মেহেদী হাসান শুভ খান (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. বারেক খানের ছেলে। ঘটনার পর অভিযুক্ত বাবা মো. বারেক খানকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বাজার থেকে একটি ধারালো দা এনে বাবাকে হুমকি দেন বলে অভিযোগ করেন স্বজনরা। পরে রাতের দিকে শুভ নিজ ঘরের পাশের বারান্দায় ঘুমিয়ে পড়েন। ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত পিতাকে আটক করে থানায় নেওয়া হয়।

কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর