শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম

শেয়ার করুন:

JHINAIGATI
মামলার ৫৫ নম্বর আসামি মাহমুদুল হাসান রুবেল। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলার ৫৫ নম্বর আসামি মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইগাতীর বনগাঁও এলাকায় অভিযান চালায়। পরে বিলের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, রুবেলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।


বিজ্ঞাপন


এদিকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনের আহ্বায়ক মো. মামুন অর রশিদ মামুন ও সদস্যসচিব মো. নিয়ামুল হাসান আনন্দ এক বিবৃতিতে দাবি করেন, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এমন ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে। একইসঙ্গে তারা জামায়াতের দায়ের করা এই মামলাটিকে ‘মিথ্যা ও বানোয়াট’ আখ্যা দিয়ে অবিলম্বে রুবেলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি বুধবার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়ান বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। পরে জামায়াত নেতা রেজাউল করিমকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন রাতেই তিনি মারা যান।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর